সজীব হোসেন,নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুইজন, ওয়ারেন্টভুক্ত একজন, ডাকাতি মামলায় একজন, দস্যুতা মামলায় তিনজন, চুরি মামলায় একজন এবং মাদকসেবী ছয়জনসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) সোনারগাঁ থানার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
পুলিশ জানায়, অভিযানে মাদকসেবী হিসেবে ইমন (২৭), সাকিব (১৯), আকাশ (২০), রাজিব (৩১), আবু হানিফ (৩৫) ও মাসুম (৩৯)কে গ্রেপ্তার করা হয়েছে।
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বালুয়া দিঘীরপাড় এলাকার আবু হানিফ (৪৫) ও জামপুর ইউনিয়নের রাউৎগাঁও এলাকার মো. মুক্তার হোসেন (৫৪)কে গ্রেপ্তার করা হয়। মুক্তার হোসেন জামপুর ইউনিয়ন যুবলীগের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক বলে পুলিশ জানিয়েছে।
এ ছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে দিঘিরপাড় এলাকার আবু হানিফ ওরফে হিমেল (৪৬), ডাকাতি মামলায় সনমান্দি এলাকার শাহজালাল (৩০) এবং দস্যুতা মামলায় আরিয়ান ভান্ডারী (৩০), রিপন মিয়া (৩৫) ও আমজাদ (২৯)কে গ্রেপ্তার করা হয়েছে।
চুরি মামলায় বরগাঁও এলাকার হালিম (৪৫)কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ১৪ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।