সজীব হোসেন,নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ২৭ নম্বর লাধুরচর গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা ও নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী চিকিৎসক ডাঃ মামুন ভূঁইয়া।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে সোনারগাঁ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর মাসুমের উপস্থিতিতে সকলের সম্মতিক্রমে নতুন ম্যানেজিং কমিটির নাম ঘোষণা করা হয়।
কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সহসভাপতি সেলিম ভূঁইয়া। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন ডালিম, রাবেয়া আক্তার ও জিয়াছমিন।
এ সময় উপস্থিত ছিলেন ২৭ নম্বর লাধুরচর গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, হেদায়েত উল্লাহ, ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মফিজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বায়েজিদ ভূঁইয়া, আল আমিনসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
নবনির্বাচিত সভাপতি ডাঃ মামুন ভূঁইয়া বলেন, শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও পরিবেশ উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সমন্বয়ে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, “শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিদ্যালয়ের যেকোনো সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে আন্তরিকভাবে কাজ করব।”
বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা আশা প্রকাশ করে বলেন, ডাঃ মামুন ভূঁইয়ার নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মান, শৃঙ্খলা ও অবকাঠামোগত উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে। তাঁর অভিজ্ঞতা ও আন্তরিকতায় বিদ্যালয়টি আরও এগিয়ে যাবে বলেও তারা প্রত্যাশা ব্যক্ত করেন।