নিজস্ব প্রতিনিধি।।
অবশেষে অবসান হতে চলেছে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন নৈরপাড় থেকে এলখালবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ। এই এলাকার মানুষের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত নৈরপাড়-এলখাল সড়ক উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শনিবার (১৯ সেপ্টেম্বর) পূর্বধইর পূর্ব ইউনিয়নের নৈরপাড়-এলখাল সড়কের উন্নয়ন কাজ ভার্চুয়ালি উদ্ভোধন করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি।
এর মাধ্যমে অবহেলিত এই জনপদের মানুষের চলাচলের দীর্ঘদিনের ভোগান্তি ও কষ্টের অবসান হতে চলেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন ভূইয়া ও নাছির উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক মামুন মিয়া, সৈয়দ শরীফ আহমেদ, নবীয়াবাদ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বদিউল আলম, উপজেলা যুবদলের আহবায়ক সোহেল সামাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জয়নাল মোল্লা, সৈয়দ আতিকুল্লাহ পিয়া, মুখলেছুর রহমান হিরন, অবিদ হোসেন অবিদ, আনিছ খান, গোলাম মোস্তফাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা গেছে, বহু বছর পূর্বে বর্তমান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সংসদ সদস্য থাকা অবস্থায় এলাকাবাসীর দূর্ভোগের কথা চিন্তা করে নৈরপাড়-এলখাল রাস্তাটি তৈরি করে দেন। কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারের অভাবে বেহাল অবস্থা হয়ে পড়ায় নৈরপাড়, এলখাল, হাটাশ ও মহেশপুরসহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বর্ষাকালে যাতায়াত প্রায় বন্ধ হওয়ার উপক্রম হতো এবং কৃষিপণ্য বাজারজাতকরণে কৃষকদের মারাত্মক লোকসানের মুখে পড়তে হতো।
সড়কটির উন্নয়ন কাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করে স্থানীয়রা জানান, এই রাস্তাটি পাকা হওয়ার ফলে শুধু যাতায়াত ব্যবস্থাই সহজ হবে না, বরং এলাকার শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতিতে এক নতুন গতির সঞ্চার হবে। নির্ধারিত সময়ের মধ্যে এবং যথাযথ মান বজায় রেখে এই উন্নয়ন কাজ সম্পন্ন হবে বলে এমনটাই প্রত্যাশা স্থানীয় সাধারণ মানুষের।