নিজস্ব প্রতিনিধি।।
যারা মাদক বিক্রি ও সেবন করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী। সেই সাথে মাদক বিক্রেতা ও সেবনকারীদের প্রশ্রয়দাতাকেও ছাড় দেয়া হবে না বলে জানান তিনি।
কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর যুব সমাজের আয়োজিত মাদক বিরোধী সমাবেশে এসব কথা বলেন ওসি আনোয়ার হোসেন। তিন মাদক বিক্রেতাদের কড়া হুঁশিয়ারি দিয়ে আরো বলেন, মাদকের বিরুদ্ধে মুরাদনগর থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। জিরো টলারেন্সে কাজ করছি আমরা। এ ব্যাপারে কোনও ছাড় নাই। যে কোনও প্রয়োজনে বা যে কোনো তথ্য সরাসরি আমাকে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকালে ধামঘর মুসা মার্কেট সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়। র্যালিতে সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দুলাল সরকার, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান ছিটন, ধামঘর ইউনিয়ন বিএনপি’র সভাপতি নাসারুদ্দিন বেলাল, সাধারণ সম্পাদক রুহুল আমিন খোকন, এডভোকেট গিয়াস মাহমুদ সরকার, উপজেলা জিসাসের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রুহুল আমিন সেন্টু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য বড় ধরনের হুমকি। মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ নয়, পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা জরুরি।