নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অভিযোগে মাঝরাতে দুই যুবককে আটক করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার কামাল্লা ইউনিয়নের বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসন ও মুরাদনগর থানার পুলিশের একটি দল যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার কামাল্লা ইউনিয়নের কামাল্লা গ্রামের শাহ আলমের ছেলে নুর আলম (৩০) এবং একই ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মোঃ রওনক মিয়ার ছেলে সাহাবুদ্দিন(২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় মাদক সেবনরত অবস্থায় নুর আলম ও সাহাবুদ্দিনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নুর আলমকে ১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা এবং সাহাবুদ্দিনকে এক মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।
মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাকিব হাসান খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স। আমাদের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, দণ্ডপ্রাপ্ত দুইজনকে শুক্রবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।