সজীব হোসেন, নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাটন মোবাইল ফোন চুরির অপবাদে শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়া ১৩ বছর বয়সী কিশোরী আফরিন অবশেষে মৃত্যুর কাছে হার মেনেছে। টানা ৪৮ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
নিহত আফরিন সোনারগাঁও উপজেলার মঙ্গলেরগাঁওয়ের কান্দাপাড়া এলাকার জাকির হোসেন ও রওশন আরা দম্পতির মেয়ে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর একটি বাটন মোবাইল ফোন চুরির মিথ্যা অপবাদ দিয়ে প্রতিবেশী মামা জাকির হোসেন ও তাঁর স্ত্রী সোনিয়া আফরিনের শরীরে ফুটন্ত গরম পানি ঢেলে দেন বলে অভিযোগ ওঠে। এতে কিশোরী আফরিনের শরীরের প্রায় ৩৫ শতাংশ অংশ মারাত্মকভাবে ঝলসে যায়।
ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘদিন নিবিড় চিকিৎসা চলার পর চিকিৎসকদের পরামর্শে তাকে বাড়িতে এনে চিকিৎসা দেওয়া হচ্ছিল। কিন্তু শরীরের ক্ষত ও সংক্রমণ গুরুতর হওয়ায় আজ বিকেলে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
এ বিষয়ে সোনারগাঁ থানা পুলিশ জানায়, ঘটনার পর ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত প্রতিবেশী মামা জাকির হোসেন ও তাঁর স্ত্রী সোনিয়াসহ মোট তিনজনকে গ্রেপ্তার করে ইতোমধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কিশোরীর মৃত্যুর ঘটনায় মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।