নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মাহফুজ হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পাঁচপুকুরিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাহফুজ হোসেন পাঁচপুকুরিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় এসআই মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে পান্তি-পাঁচপুকুরিয়া সড়কের পাশে সিরাজ মিয়ার বাড়িতে মাহফুজের বসতঘর থেকে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে পুলিশের এমন মাদকবিরোধী অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা বলেন, মাদকদ্রব্য আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের বিস্তার রোধে পুলিশের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এই অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে তাঁরা এ ধরনের অভিযান নিয়মিত ও আরও জোরদার করার পাশাপাশি মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মুরাদনগর থানায় মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে শনিবার তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।”
তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।