নিজস্ব প্রতিনিধি।।
শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার মানোন্নয়ন ও পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে কুমিল্লার মুরাদনগরে অনুষ্ঠিত হয়েছে মুরাদনগর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা। উপজেলার তিনটি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ পরীক্ষায় ২৫টি কিন্ডারগার্টেনের প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে মুরাদনগর কাজী নোমান আহাম্মদ ডিগ্রি কলেজ, রামচন্দ্রপুর আকাব্বরের নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও শ্রীকাইল কে কে উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশ নেয়।
পরীক্ষাকে কেন্দ্র করে কেন্দ্রগুলোতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্ধারিত সময়ে পরীক্ষা সম্পন্ন হয়। এ সময় মুরাদনগর কাজী নোমান আহাম্মদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ছাত্তার মিয়া পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
তিনি বলেন, “শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশে এ ধরনের বৃত্তি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মেধা যাচাইয়ের পাশাপাশি প্রতিযোগিতামূলক মনোভাব, আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের চর্চা করতে পারে। কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করতে মুরাদনগর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও বৃত্তি পরীক্ষা কমিটির সভাপতি মনিরুজ্জামান জানান, “শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার মানোন্নয়ন, প্রতিযোগিতামূলক শিক্ষাব্যবস্থায় তাদের উৎসাহিত করা এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যেই আমাদের এ আয়োজন। অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছে।”
পরীক্ষার সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে অভিভাবক অধ্যাপক জাকির হোসেন, মোঃ শরিফুজ্জামান, সঞ্জীব চন্দ্র পাল, মাহফুজুর রহমান রুবেল ও মিতু পাল বলেন, “সুশৃঙ্খল পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা আয়োজকদের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই।”
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ, মেধা যাচাই এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে এ ধরনের বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি পড়াশোনার প্রতি আগ্রহ ও আত্মবিশ্বাস বাড়াতেও এ আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক জামাল আহমেদ, কোষাধ্যক্ষ মোঃ সাইফ উদ্দিনসহ পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষকরা।